
নিজস্ব প্রতিবেদক: ব্যবসার প্রসার, ক্রেতার চাহিদা বিশ্লেষণ ও পণ্য বিপণনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার নারী উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যাংকিং সেবা, আর্থিক ব্যবস্থাপনা ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১২টায় রাজশাহীর পবা উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী ‘ব্যাংক লিটারেসি ও ব্যবসায় এআই ব্যবহারের ওপর প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনী’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউএনও ইবনুল আবেদীন বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে ব্যবসায়িক কার্যক্রমকে এগিয়ে নিতে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকিং সেবা সম্পর্কে যথাযথ ধারণা থাকলে আর্থিক লেনদেন নিরাপদ ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব। পাশাপাশি ব্যবসায় এআইয়ের ব্যবহার পণ্যের প্রচার, ক্রেতার চাহিদা বিশ্লেষণ এবং ব্যবসা পরিচালনায় নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।
তিনি আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব ব্যবসায়িক কর্মকাণ্ডে প্রয়োগ করতে পারলে উদ্যোক্তারা নিজেদের প্রতিষ্ঠানকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে পারবেন।
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) আয়োজিত এ কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করছে ইস্টার্ন ব্যাংক পিএলসি’র উইমেন ব্যাংকিং বিভাগ। ১৩ অক্টোবর পর্যন্ত চলবে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তা। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্টার্ন ব্যাংক পিএলসি’র রাজশাহী শাখার ব্যবস্থাপক মো. আলম খান, পবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন এবং তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সাবেক সহসভাপতি রোকসানা পারভীন।
আয়োজকেরা জানান, প্রশিক্ষণে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং সেবা, আর্থিক ব্যবস্থাপনা, ডিজিটাল লেনদেন, ব্যবসায় এআইয়ের ব্যবহার, অনলাইন বিপণন ও আধুনিক ব্যবসা পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হবে। পাশাপাশি নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে নারী উদ্যোক্তাদের আর্থিক সচেতনতা ও প্রযুক্তিগত দক্ষতা বাড়বে। একই সঙ্গে ব্যবসায় ডিজিটাল প্রযুক্তির কার্যকর প্রয়োগ, পণ্যের বাজার সম্প্রসারণ এবং দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ তৈরি হবে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।