
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর আত্রাই উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নওগাঁ জেলার আত্রাই থানাধীন মির্জাপুর, সাহাগোলা মসজিদপাড়া, ভবানীপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২৪০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে মোট চারটি অভিযান পরিচালনা এবং চারটি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আত্রাই উপজেলার সাহাগোলা মসজিদপাড়ার মৃত হসব প্রাংয়ের ছেলে সবদুল প্রাং (৬৭), সাহাগোলা এলাকার মৃত আবেদ আলীর ছেলে শহিদুল ইসলাম (৬০), সাহাগোলা পূর্বপাড়ার আব্দুল সরদারের ছেলে আব্দুল জলিল এবং সাহাগোলা মসজিদপাড়ার সবদুল প্রাংয়ের স্ত্রী আম্বিয়া (৫০)।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সবদুল প্রাংকে ছয় মাসের, শহিদুল ইসলামকে ১৪ দিনের এবং আব্দুল জলিল ও আম্বিয়াকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। সাজা ঘোষণার পর তাঁদের কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আলমগীর হোসেন বলেন, মাদকের বিস্তার রোধে অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারি ও মাদক সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অভিযানে প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. তাইজুল ইসলাম।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।