
নিউজ ডেস্ক: বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনগণের ভোটের রায় অগ্রাহ্য করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও ধোঁকাবাজি করছে। জনগণের ঘাড়ে আবারও স্বৈরশাসন চাপিয়ে দিতে চায় সরকার।
শনিবার (৩১ অক্টোবর) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে ১১ দলীয় জোটের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
শফিকুর রহমান বলেন, সাত দফা দাবির মধ্যে গণভোটের রায় বাস্তবায়নই প্রধান। জনগণ ভোট দিয়ে তাদের মতামত জানিয়েছে, কিন্তু সরকার সেই রায় মেনে নিচ্ছে না। বরং জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে এবং তাদের সঙ্গে মিথ্যাচার করা হচ্ছে।
সরকারের বিরুদ্ধে স্বৈরাচারী মনোভাবের অভিযোগ তুলে জামায়াতের আমির বলেন, জনগণের ওপর স্বৈরশাসন চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনওে কিছু ভেঙে তছনছ করে দেওয়া হবে। জনগণও এসব মেনে নেবে না। অতীতে যে জাতি খালি হাতে গুলির মুখোমুখি হয়েছে, তারা অন্যায় মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দৃঢ় থাকার আহ্বান জানান শফিকুর রহমান।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, সাত দফা দাবির ভিত্তিতে এ পথসভার আয়োজন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধ। এ ছাড়া দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিও জানানো হয়।
পথসভা ঘিরে সকাল থেকেই নাওডোবা এলাকায় ১১ দলীয় জোটের নেতাকর্মীরা জড়ো হন। সংক্ষিপ্ত বক্তব্য শেষে সভার প্রধান অতিথি খুলনার উদ্দেশে রওনা দেন।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।