
নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে অভিযান চালিয়ে মো. সোহাগ আলী (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর ঘর থেকে দুটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও আটটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
এসআরবি-৫-এর রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার সোহাগ আলী মো. নজরুল মন্ডলের ছেলে।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লালপুর থানার বিলমাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহরকয়া গ্রামে নজরুল মন্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির নির্মাণাধীন একটি ঘরের টিনের ছাপড়ার ভেতর থেকে সোহাগ আলীকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ আলী অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানানো হয়েছে। এ ছাড়া ওই স্থানে মাঝেমধ্যে বন্ধুদের সঙ্গে বসে ইয়াবা সেবন করার কথাও সে স্বীকার করেছে।
পরে উপস্থিত লোকজনের সামনে তার ঘরে তল্লাশি চালিয়ে দুটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও আটটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব আলামত বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার সোহাগ আলীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাটোরের লালপুর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।