
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার সেন্ট্রাল মসজিদ ও চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার চককানপাড়া এলাকার মো. সিহাব (১৮), বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী এলাকার মো. আলমগীর (৩০) এবং গাবতলী উপজেলার রামেশ্বরপুর এলাকার মো. নয়ন (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহরাব হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। অভিযানে তিনজনের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
আদালত মো. সিহাবকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, মো. আলমগীরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং মো. নয়নকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। পরে উদ্ধার করা গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান বলেন, “মাদকের অপব্যবহার ও অবৈধ কারবার প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।