
নিউজ ডেস্ক: মাদক ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে টাকা না পেয়ে কিছু সাংবাদিক পুলিশকে ‘অকার্যকর’ বলে সংবাদ প্রকাশ করছেন বলে অভিযোগ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার (২৬ অক্টোবর) চকবাজারে ‘কমিউনিটি ব্যাংক’-এর ইসলামিক ব্যাংকিং সেবা চালুর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এমন অভিযোগ করেন।
আইজিপি বলেন, ‘আপনারা মাদকের বিরুদ্ধে মুভ করতেছেন না, সেখান থেকে গোপনে টাকা নিচ্ছেন। সাংবাদিক সাহেবরা ওখান থেকে যখন পয়সা না পাচ্ছেন তখন লিখছেন, পুলিশ এই দেশে অকার্যকর হয়ে গেছে। কেন?’
তিনি বলেন, পলাতক এবং গত ১৭ বছরে যারা নেতৃত্ব দিয়ে দেশকে অকার্যকর করেছে, তাদের সময়ে পাড়া-মহল্লায় মাদকের বিস্তার ঘটেছে। তৎকালীন সরকারি দলের নেতা-নেত্রীরা মাদক থেকে নিয়মিত টাকা নিতেন বলে অভিযোগ করেন তিনি। এ কাজে পুলিশের কিছু সদস্যও জড়িত ছিলেন বলে জানান আইজিপি।
তিনি বলেন, ‘আমাদের পুলিশেরও কিছু সদস্য জড়িত ছিল, এখনও আছে। আমরা গত দুই মাসে ২৭ জন পুলিশ কর্মকর্তাকে জেলে পাঠিয়েছি। সুতরাং আগে ঘর পরিষ্কার করছি, আপনারা দেখছেন। কিন্তু এটা নিয়েও অপব্যাখ্যা দেওয়া হয়।’
পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করে আইজিপি বলেন, এসবের পরিবর্তে সমাজে প্রকৃতপক্ষে যে ঘটনা ঘটছে, তার প্রতিকার করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, পুলিশের সদস্যরা অপরাধ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশের রয়েছে। এ ক্ষেত্রে ব্যবস্থা না নিলে পুলিশকে প্রশ্ন করা যেতে পারে। তবে মিথ্যা অভিযোগ ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।
পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার জবাবে আইজিপি বলেন, পুলিশকে কখনও ফ্যাসিস্ট, কখনও দুর্বল বলা হচ্ছে। পুলিশকে দায়িত্ব পালনের পরিবেশ দিতে হবে এবং আইন প্রয়োগের ক্ষেত্রে সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, ‘আমরা লাঠিপেটা করলে বলবেন, ফ্যাসিস্ট পুলিশ। আর আমরা যদি নীরবে থাকি তাহলে বলবেন, দুর্বল পুলিশ। তাহলে আমাকে তো কাজ করার পরিবেশ দিতে হবে। এমপাওয়ার করতে হবে।’
আইজিপি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য পুলিশের পাশাপাশি সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আইন ও সংবিধান অনুযায়ী পুলিশকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন এটা স্বীকার করে নিয়ে আইন এবং সংবিধান অনুযায়ী আমাকে দায়িত্ব পালন করতে দিন। কিন্তু আমাদেরও চেক অ্যান্ড ব্যালেন্স আছে।’
পুলিশের দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন ও সংবিধান মেনে চলার ওপর জোর দিয়ে আইজিপি বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পুলিশকে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে পুলিশকে ব্ল্যাকমেইল করার চেষ্টা না করার আহ্বান জানান তিনি।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।