
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই বিস্কুট ও পাউরুটি উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে একটি বেকারি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে নগরীর ছোটবনগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করে বিস্কুট ও পাউরুটি উৎপাদন, বিক্রি ও বিতরণের পাশাপাশি অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে আলামিন ফুড প্রোডাক্টসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযানে রাজশাহী মহানগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।