
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা থেকে পৌনে ২টা পর্যন্ত উপজেলার দূরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাজাহানপুর উপজেলার ঘাসিরিয়া গ্রামের মোঃ হযরত আলীর ছেলে মোঃ আশরাফুল (২৮) এবং সাহানগর গ্রামের মোঃ আব্দুল কাফীর ছেলে মোঃ মাসুদ রানা (২৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তালুকদার মোঃ ইনতেজারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের কাছ থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এ সময় উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।