
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে পুকুরের মাটি খনন, অনুমতিবিহীনভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি পরিবহন এবং সড়ক চলাচলের অনুপযোগী করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৬টি ভেকু (এক্সকাভেটর) মেশিন ও ১টি ড্রেজার মেশিন স্পটেই অকেজো করে দেওয়া হয়।
রোববার (৭ জুন) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুর্গাপুর পৌরসভার শানপুকুরিয়া, পানানগর ইউনিয়নের বিয়াড়, গোলাবাড়ি ও গুনাজিপাড়া এবং ঝালুকা ইউনিয়নের কুহাড়, কালুপাড়া ও আন্দুয়া এলাকায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোট সাতটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে দেখা যায়, অনুমোদন ছাড়াই পুকুরের মাটি কেটে তা বাণিজ্যিকভাবে বিভিন্ন স্থানে পরিবহন করা হচ্ছে। এতে স্থানীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এসব অপরাধে ব্যবহৃত ৬টি ভেকু মেশিন ও ১টি ড্রেজার মেশিন ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, “অবৈধভাবে মাটি কাটা এবং বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি পরিবহনের কারণে কৃষিজমি, পরিবেশ ও সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “পরিবেশ ও জনদুর্ভোগ সৃষ্টিকারী অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। স্থানীয়দেরও এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।”
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।