
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টা ৫০ মিনিটে বগুড়া সদর উপজেলার চকসূত্রাপুর উত্তরপাড়ায় জুয়েল স্টোর নামের একটি দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন বগুড়া সদর উপজেলার বৃন্দাবন দক্ষিণপাড়ার রেহান মন্ডলের ছেলে মো. আল আমিন (২৭), মাটিডালি ফকিরপাড়ার মোহাম্মদ আলীর ছেলে মো. সুমন (৩২) এবং ঝোপগাড়ী ভুরেরপাড়ার করিম আলীর ছেলে মো. কোরবান আলী (৩৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তার তিনজনকে উল্লিখিত দণ্ড প্রদান করেন।
এ বিষয়ে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।