
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাঁদের মধ্যে একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টা ২০ মিনিটে দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের আভিযানিক দল এবং দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দুপচাঁচিয়ার মহলদারপাড়ার মো. মারুফ হোসেন (২৩), রবিউল ইসলাম (৩০) ও বাপ্পী হোসেন (২৬), উত্তর মাঝিপাড়ার পবন প্রাং (৪৫), বড় ধাপেরহাটের সোনামনি (৪০) এবং ধাপেরহাটের তুলশী বাশফোর (৪৫)। তাঁদের মধ্যে পবন প্রাং তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন। তাঁদের মধ্যে একজনকে ২৫ দিন, একজনকে তিন মাস ১৫ দিন, একজনকে চার মাস, একজনকে পাঁচ মাস, একজনকে দুই মাস এবং অন্যজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া একজনকে ১০০ টাকা, একজনকে ৫০০ টাকা, দুজনকে এক হাজার টাকা করে এবং একজনকে ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে জব্দ করা মাদকের আলামত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ধ্বংস করেন।
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের অপব্যবহার ও মাদক কারবারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে আমরা কাজ করছি। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।