
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় আল বারাকা পরিবহণের দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির দুই সহসভাপতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শহরের ৫ নম্বর ওয়ার্ড কমিটির এক সহসভাপতি রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের নওগাঁ জেলা কমিটির সহসভাপতি একরামুল বারী ডলার (২৬), একই কমিটির সহসভাপতি শাহানুর নেওয়াজ লিখন (২৮) এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড কমিটির সহসভাপতি শিশির (৫৫)। ডলার শহরের মাস্টারপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে, লিখন হাটনওগাঁ এলাকার মুসলিম উদ্দিন আকন্দের ছেলে এবং শিশির ৫ নম্বর ওয়ার্ডের নরেশ চন্দ্র দাসের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় শহরের সোনারপট্টি এলাকা থেকে শিশিরকে গ্রেপ্তার করা হয়। অপর দুজনকে তাঁদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু বলেন, বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্ত চলছে। বুধবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হবে।
এর আগে সোমবার দিবাগত রাত ১টার দিকে নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে পাশাপাশি দাঁড় করিয়ে রাখা আল বারাকা পরিবহণের দুটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাস দুটির দৃশ্যমান প্রায় সবকিছু পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বাসমালিক মো. সাগির আহমেদ জানান, দুটি বাসেরই প্রায় সমান ক্ষতি হয়েছে। প্রতিটি বাসের ক্ষতির পরিমাণ ১৫ থেকে ১৬ লাখ টাকা। সে হিসাবে মোট ক্ষতির পরিমাণ প্রায় ৩০ থেকে ৩২ লাখ টাকা। বাস দুটি মেরামত করে পুনরায় সড়কে নামাতে দুই থেকে তিন মাস সময় লাগবে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।