
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদ ও টাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আদমদীঘি উপজেলার কেশরতা গ্রামের মো. মাসুম শেখ (২৫), ছোট আখিড়া গ্রামের মো. শান্ত (২৬), ইশবপুর গ্রামের শুভ পাহান (২২) এবং একই গ্রামের অঞ্জনা পাহান (৩২)। অভিযানে তাঁদের কাছ থেকে চার লিটার চোলাইমদ ও ১০টি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তার চারজনের মধ্যে একজনকে ছয় মাসের, একজনকে তিন মাসের এবং অপর দুজনকে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি দুজনকে পাঁচ হাজার টাকা করে এবং অপর দুজনকে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান বলেন, মাদকের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মাদকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি জরুরি। মাদকসংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।