
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সান্তাহার শহপাড়া এলাকার মো. বাবলু (৪৪), দমদমা এলাকার মো. রিপন হোসেন (৩৫) এবং ইয়ার্ড কলোনি এলাকার মো. শফিকুল ইসলাম ভোলা (৩৬)।
ভ্রাম্যমাণ আদালত দুইজনকে এক মাস এবং একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি দুইজনকে ৫০০ টাকা করে এবং একজনকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে দুইজনকে অতিরিক্ত দুই দিনের এবং একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আদালতের নির্দেশে জব্দকৃত ৩০০ গ্রাম গাঁজা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত রাখতে জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়তে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।