
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলায় দায়িত্ব পালনে গতিশীলতা বাড়াতে ৬টি ইউনিয়নের ৫৫ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসকের পক্ষ থেকে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। বিতরণ করা বাইসাইকেলগুলো চায়নাফনিক্স ব্র্যান্ডের।
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা।
বাইসাইকেল পেয়ে সন্তোষ প্রকাশ করেন গ্রাম পুলিশ সদস্যরা। তারা জানান, প্রত্যন্ত এলাকায় দায়িত্ব পালনের সময় এসব বাইসাইকেল চলাচল সহজ করার পাশাপাশি সরকারি দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে গতিশীলতা বৃদ্ধি ও যোগাযোগ ব্যবস্থা সহজ করার লক্ষ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে এসব বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।