
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি সোফার দোকানে ইয়াবা বিক্রির সময় অভিযান চালিয়ে ১৫৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় বগুড়া।
শনিবার (১১ জুলাই) সাড়ে ছয়টার দিকে শিবগঞ্জ উপজেলার চণ্ডিহারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন মো. মিজানুর রহমান ওরফে মিজু (৪১)। তিনি বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের চাঁদপাড়া এলাকার বাসিন্দা। অভিযানের সময় চণ্ডিহারা এলাকায় মোছা. মিনি খাতুনের কাছ থেকে ভাড়া নেওয়া তার ‘রাকিব সোফা হাউজ’ নামের দোকান এবং তার দেহ তল্লাশি করে একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটের ভেতর থেকে ১৫৫ পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১৫ দশমিক ৫ গ্রাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই দোকানে ইয়াবার একটি চালান বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছে। তথ্যের সত্যতা যাচাই শেষে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মিজানুর রহমানকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক নির্মূলে সরকার ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের প্রতিটি উৎস, সরবরাহ চক্র ও কারবারিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া এই চালানের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সম্পৃক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের চলমান অভিযান আরও বেগবান হবে। মাদকমুক্ত সমাজ ও নিরাপদ বাংলাদেশ গড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।