
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টা ২০ মিনিটে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে মহাস্থান নামাপাড়া এলাকার মৃত জাহাঙ্গীরের ছেলে মো. মিনহাজ (৩৫) এবং বগুড়া সদরের পলাশবাড়ী এলাকার মৃত মালেক মিয়ার ছেলে মো. মতি (২৫)কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও দুটি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. মিনহাজকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং মো. মতিকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। আদালতের নির্দেশে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)
বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযানের মাধ্যমে মাদকের বিস্তার রোধে আমাদের কার্যক্রম চলমান থাকবে।”
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।