
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দোকান ও গরু চুরির ঘটনায় সন্দেহভাজন দুইজনসহ, নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও আদালতের পরোয়ানাভুক্ত মোট ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। পরে গ্রেফতারকৃতদের বুধবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, সংগঠিত অপরাধ দমন ও আসামি গ্রেফতারের লক্ষ্যে রাতব্যাপী বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে আবাদপুকুর বাজার চারমাথা এলাকায় মেসার্স সাহাজুল ট্রেডার্সের পাইকারি দোকানে চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে কালীগ্রাম গ্রামের জামাল উদ্দীনের ছেলে শরিফুল ইসলাম এবং গরু চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে পূর্ব বালুভরা গ্রামের খালেকের ছেলে এনামুল হককে গ্রেফতার করা হয়।
একই অভিযানে পারইল গ্রামের ইয়াছিন আলীর ছেলে শফিকুল ইসলাম এবং ভবানীপুর গ্রামের মোসারব হোসেনের ছেলে জহুরুল ইসলামকে ৪৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত আসামি হিসেবে চকবলরাম গ্রামের আজাহার আলী ও তার স্ত্রী রহিমা বেগম এবং পশ্চিম বালুভরা গ্রামের দুলাল হোসেনের ছেলে লিটনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, জহুরুল ইসলাম ও শফিকুল ইসলামের বিরুদ্ধে পৃথক মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয় এবং আদালতের নির্দেশে মোট ৭ জনকেই বুধবার আদালতে সোপর্দ করা হয়।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।