
নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ ও দৈব দুর্বিপাকে ক্ষতিগ্রস্ত বা দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ হিসেবে জিআর (সাধারণ ত্রাণ) চাল বিতরণ কার্যক্রম নিয়মিত পরিচালিত হয়ে আসছে। এবারই প্রথম প্রতিজন সুবিধাভোগীদের সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ৩০কেজি করে জিআর চাল প্রদান করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাতে জিআরের চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাণীনগর উপজেলা পরিষদের মুক্তমঞ্চ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ১ হাজার মানুষের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জিআর চাল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের মাঝে চাল তুলে দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ¦ শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তকিমা খাতুন চৈতি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফি ফায়সাল তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন, সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে কৃষি প্রণোদনার বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি। এছাড়া দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ব্যাডমিন্টন কোর্ট নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি। অপরদিকে বুধবার জেলার আত্রাই উপজেলার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ১ হাজার মানুষের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৩০ কেজি করে জি,আর চাল বিতরণ কার্যক্রমের আওতায় চাল বিতরণ করেছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহা শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
এসময় প্রধান অতিথি বলেন, মানবিক প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ধীরে ধীরে তার দেওয়া নির্বাচনী অঙ্গিকারের অনেক কিছুই বাস্তবায়ন করেছেন এবং দেশের সাধারণ মানুষ ও গরীব-অসহায়দের জন্য ফ্যামেলি কার্ড, কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড ইতোমধ্যেই বিতরণ শুরু করা হয়েছে এবং সুবিধাভোগীরা সুবিধা পাওয়া শুরু করেছে। আগামীর একটি সৃমদ্ধশালী ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার আগামীতে আরো যা যা করা প্রয়োজন তার সবই করবে ইনশাল্লাহ। তাই বর্তমান সরকারকে সার্বিক দিয়ে সকল ধরনের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।