
নিজস্ব প্রতিবেদক: মানবসেবার অঙ্গীকার নিয়ে রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালের নতুন ক্লাব ‘লায়ন্স ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল’। গতকাল শুক্রবার (২৮ আগস্ট) দিনব্যাপী নগরের একটি অভিজাত হোটেলে ক্লাবটির চার্টার উপস্থাপন ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নতুন সদস্য ও কর্মকর্তারা শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানের পর নগরের জামিয়া সিদ্দিকিয়া (চণ্ডীপুর মাদ্রাসা) ও এতিমখানায় ৩৪৭ জন দুস্থ ও এতিমের মধ্যে চাল, ডাল, মুরগি, তেলসহ বিভিন্ন পুষ্টিকর খাবার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন আরসি হেডকোয়ার্টার (ক্লাবস) এ কে মাসুদ। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লায়ন্স ক্লাবের মূল লক্ষ্য হচ্ছে মানুষের সেবা করা এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। নতুন ক্লাবটি রাজশাহীতে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
লায়ন্সের প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান জেলা গভর্নর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন শংকর কুমার রয় মনা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস গভর্নর লায়ন এমরান ফারুক মঈন রানা।
এ ছাড়া কেবিনেট সেক্রেটারি লায়ন এনায়েতুল্লাহ শফি, কেবিনেট ট্রেজারার লায়ন খাদিজা বিনতে মুনির তিয়াশাসহ লায়ন্সের বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করান লায়ন এমরান ফারুক মঈন রানা। পরে ২০২৬ থেকে ২০২৭ মেয়াদের ক্লাব কর্মকর্তাদের শপথ পাঠ করান জেলা গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী।
নতুন কমিটিতে চার্টার প্রেসিডেন্ট হিসেবে লায়ন মো. মাহমুদুর রহমান সবুজ, সেক্রেটারি লায়ন আনোয়ারুল ইসলাম জয়, প্রথম ভাইস প্রেসিডেন্ট সাদাকাত আলী, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট শামীমা আক্তার এবং ট্রেজারার মোহাম্মদ আমানুল্লাহ বিন আক্তার আবিদসহ মোট ১৩ জন কর্মকর্তা শপথ গ্রহণ করেন।
নতুন এই ক্লাবের যাত্রার মধ্য দিয়ে রাজশাহীতে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে লায়ন্সের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।