
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলায় মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় আব্দুস সালাম (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার কেশরহাট পৌরসভাধীন সাঁকোয়া মোড়ে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম উপজেলার সাঁকোয়া গ্রামের মৃত রব্বান আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুস সালাম মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই ট্রাকটি ঘটনাস্থল ছেড়ে দ্রুত পালিয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্বজনরা থানায় এসেছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় চালক ও যানটি শনাক্তে পুলিশ কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।