
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় মাদক কারবারি জুলেখা বিবিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া মহল্লায় সচেতন মহল ও স্থানীয় জনসাধারণের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জুলেখা বিবি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত। তার মাদক কারবারের কারণে এলাকার যুব সমাজ ক্ষতির মুখে পড়ছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা জানান, শুক্রবার (২৮ আগস্ট) চাঁনপাড়া মহল্লায় জুলেখা বিবির মাদক বিক্রিতে বাধা দেন ভ্যানচালক এরশাদ আলী। এ সময় জুলেখা বিবির নির্দেশে তার লোকজন এরশাদ আলীকে মারধর করে আহত করেন বলে অভিযোগ করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এরশাদ আলীকে মারধরের ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে প্রতিবাদে মাঠে নামেন। এ সময় জুলেখা বিবি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।
এ ঘটনার পর জুলেখা বিবিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন স্থানীয় সচেতন মানুষ ও বাসিন্দারা। কর্মসূচিতে বক্তারা দাবি করেন, জুলেখা বিবির বিরুদ্ধে বাগমারা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সহসভাপতি আক্তারুজ্জামান বল্টু, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, সাবেক সদস্য সচিব মোজাম্মেল হক ড্রাগন, পৌর যুবদল নেতা জহুরুল ইসলাম, স্থানীয় বাসিন্দা জুলফিকার আলী ভুট্রো, মামুনুর রশিদসহ অনেকে।
বক্তারা বলেন, এলাকায় মাদক বিস্তার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে জুলেখা বিবিকে গ্রেপ্তার করে অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।