
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের পৃথক স্থানে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল শুক্রবার (২২ মে) রাত ৯টার দিকে সদর ও শিবগঞ্জ উপজেলায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন আম কুড়াতে গিয়ে এবং অপরজন ক্ষেতে ধান কাটার সময় প্রাণ হারান।
নিহতরা হলেন, সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গিধনিপাড়া এলাকার মাইনুল ইসলাম বিশুর স্ত্রী মনোয়ারা বেগম এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর-চালকিপাড়া গ্রামের মৃত মোহবুল ইসলামের ছেলে আব্দুল মালেক। আহত দুজনকে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, সন্ধ্যার পর ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ির পাশের একটি বাগানে আম কুড়াতে যান মনোয়ারা বেগম। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
অন্যদিকে, শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, বৃষ্টির মধ্যে আব্দুল মালেক বাবুপুর এলাকার একটি ধানখেতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আব্দুল মালেকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান এ কর্মকর্তা।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।