
নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদরে অবৈধ মাদকদ্রব্য সেবনের অভিযোগে দুইজনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১টার দিকে সদর উপজেলার সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আব্দুল ওয়াজেদ-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— বগুড়া সদর উপজেলার মালগ্রাম মধ্যপাড়া এলাকার মৃত তারা শেখের ছেলে মানিক শেখ (৪৫) এবং শাজাহানপুর উপজেলার লতিফপুর দক্ষিণপাড়া এলাকার মৃত সামসুল হকের ছেলে শামীম শেখ (২৮)।
ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৩ (তিন) মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আব্দুল ওয়াজেদ বলেন, “মাদকদ্রব্য সেবন ও সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডিএনসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেখানেই মাদক সংক্রান্ত তথ্য পাওয়া যাবে, সেখানেই তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হবে।”
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।