1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ‘বিশ্ব মাদক সমস্যা: বিদ্যমান সংকট, নতুন চ্যালেঞ্জ, উদ্ভাবনী সমাধান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬।

শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় (বটতলা) থেকে জেলা পরিষদ মিলনায়তন পর্যন্ত মাদকবিরোধী বন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন-রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। তিনি বলেন, মাদকের ভয়াবহতা শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি বগুড়া সিটি করপোরেশনের প্রশাসকএম আর ইসলাম স্বাধীন বলেন, একটি মাদকমুক্ত সমাজ গড়তে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগই মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে।

বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তবে শুধু অভিযান নয়, সামাজিক সচেতনতা এবং পারিবারিক নজরদারিও সমান গুরুত্বপূর্ণ। সমাজের প্রতিটি মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

সিভিল সার্জন মো. খুরশীদ আলম বলেন, মাদকাসক্তি একটি জটিল জনস্বাস্থ্য সমস্যা। মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন এবং মানসিক সহায়তার পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

স্বাগত বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয় বগুড়ার উপপরিচালক মো. জিললুর রহমান দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন। তিনি জানান, মাদক প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি নিয়মিত অভিযান, মামলার কার্যক্রম এবং মাদক ব্যবসার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে ব্যবস্থাও চলমান রয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সদস্য, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি, জনমত গঠন এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী বগুড়া জেলায় নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এর মধ্যে ছিল গুরুত্বপূর্ণ স্থানে মাদকবিরোধী স্টিকার ও পোস্টার সংযোজন, লিফলেট বিতরণ, যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো, জেলা তথ্য অফিসের সহযোগিতায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন, শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, ১২টি উপজেলায় ১৩টি স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ১৪টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উদ্যোগে নগরীর ১২টি পয়েন্টে বিনামূল্যে কাউন্সেলিং সেবা। পাশাপাশি মাদকবিরোধী মাইকিং, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় এবং প্রতিটি উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।

সভায় জানানো হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ২০২৫ সালে ১ হাজার ৮০৩টি অভিযান পরিচালনা করে ৭০২টি মামলায় ৭৩৫ জনকে গ্রেপ্তার করেছে। এসব অভিযানে বিপুল পরিমাণ হেরোইন, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, ট্যাপেন্টাডল, চোলাই মদ, বুপ্রেনরফিন, নগদ অর্থ, যানবাহন ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

এছাড়া ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ৮৩৮টি অভিযান পরিচালনা করে ৩৩৬টি মামলায় ৩৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ, যানবাহন ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাদক ব্যবসার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও অব্যাহত রয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team