
পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলায় অলাইন জুয়া পরিচালনার অভিযোগে পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেবোত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— আটঘরিয়া পৌরসভার কন্দর্পপুর মহল্লার আবুল হাশেমের ছেলে শরীফুল ইসলাম সাগর (২২), জালাল হোসেনের ছেলে শান্ত হোসেন (২৫), চক ধলেশ্বর মহল্লার গোলাম সরোয়ারের ছেলে সোহানুর রহমান শাকিব (২২), দেবোত্তর মহল্লার মৃত এমদাদ হোসেন মোল্লার ছেলে আসাদুল ইসলাম (৩২) এবং উপজেলার হাপানিয়া গ্রামের আলহাজ্ব ইস্কান্দার আলী প্রামাণিকের ছেলে শরীফুল ইসলাম (৩৬)।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রেজিনূর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দেবোত্তর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অনলাইন জুয়া চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পাঁচজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের কাছ থেকে ছয়টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। এসব মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ও ওয়েবসাইটে সক্রিয় আইডি, লেনদেনের তথ্য এবং ই-ট্রানজেকশন অ্যাপসের মাধ্যমে অর্থ আদান-প্রদানের বিভিন্ন তথ্য-উপাত্ত পাওয়া গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা সংঘবদ্ধভাবে ডিজিটাল ডিভাইস ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণদের অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত করা, জুয়ার আইডি খোলা এবং আর্থিক লেনদেন পরিচালনার কাজ করতেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, জব্দকৃত আলামত সংরক্ষণ করে আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।