
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দেশমাতৃকার সেবায় পেশাদারিত্ব, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য রেজিমেন্টের সদস্যদের নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
সোমবার (২৪ আগস্ট) রাজশাহী সেনানিবাসের বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) শহীদ নকীব হলে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।
সেনাবাহিনী প্রধান বলেন, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ইউনিটগুলো পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশমাতৃকার সেবায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সম্মেলনে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিভিন্ন ইউনিটের অধিনায়কদের সঙ্গে মতবিনিময় করেন জেনারেল ওয়াকার উজ জামান। এ সময় রেজিমেন্টের সামগ্রিক কার্যক্রম, প্রশিক্ষণ এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
রেজিমেন্টের প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমের প্রশংসা করে সেনাবাহিনী প্রধান আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ইউনিটগুলো পদাতিক বাহিনীর সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এর আগে বিআইআরসি সম্মেলন কক্ষে সেনাবাহিনী প্রধান পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক), বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট এবং ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জিওসি, আর্টডক, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, সামরিক সচিব, বিআইআরসির কমান্ড্যান্ট, ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার, এসআইঅ্যান্ডটির কমান্ড্যান্টসহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট এলাকার কর্মকর্তা, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিভিন্ন ইউনিটের অধিনায়ক এবং বিভিন্ন সংস্থার সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।