
মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্য ও দর্শন তরুণ প্রজন্মকে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি দেশপ্রেম, মানবিকতা ও সাম্যের আদর্শে উদ্বুদ্ধ করে।
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের সাহিত্য, দর্শন ও আদর্শ সম্পর্কে জানার আগ্রহ আরও বাড়বে।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাব্বির হোসেন খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার এসএম আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) মান্দা উপজেলা শাখার আহ্বায়ক সদেরুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল লতিফ মৃধা, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি এরফান আলী মিয়া, ঠাকুরমান্দা রঘুনাথ জিউ মন্দিরের সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নজরুলসংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। শিল্পীদের নান্দনিক পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।