
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ধুনট উপজেলার কুটিবাড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, ধুনট উপজেলার কুটিবাড়ী গ্রামের শ্রী সুশীল রায়ের ছেলে শ্রী গোপিনাথ রায় (২২)।
ডিএনসি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কুটিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে গোপিনাথ রায়কে ৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দ করা গাঁজা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হচ্ছে। সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে এ অভিযান আরও জোরদার করা হবে।”
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।