
নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলার পৃথক এলাকায় মাদকবিরোধী অভিযানে সাতজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যার দিকে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ এলাকা, মালতিনগর ও ঠনঠনিয়া এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানে বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও তিনটি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের আদেশে সারোয়ার হোসেন (২৭) ও সাদিকুর রহমান (২৫)-কে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। জুয়েল পাইকার (৩৬) ও আমিন হোসেন (২১)-কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া রহমত শেখ (৩২), নজরুল ইসলাম (৫৩) এবং পিন্টু প্রামাণিক (৫৫)-কে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে ডিএনসির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযানও ধারাবাহিকভাবে পরিচালিত হবে। তিনি মাদকের ভয়াবহতা রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ জনগণকে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।