
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার (৫ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে এ অভিযান পরিচালিত হয়।
ডিএনসি জানায়, বিকেলে পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যান্ড এলাকায় সাউদিয়া ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টসের সামনে অবস্থানরত এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট থেকে ২০০ পিস কমলা বর্ণের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি শরিফপুর কোরবান আলীর ছেলে হাবিবুর রহমান (২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি ইয়াবার একটি চালান পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন।
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন,
“গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, একটি মাদকের চালান ওই এলাকায় পাচার হবে। সেই অনুযায়ী অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবাসহ একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এটি একটি সংঘবদ্ধ চক্রের অংশ বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।”
তিনি আরও বলেন,“এই চালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।”
ডিএনসি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার উৎস ও সরবরাহ চেইন শনাক্তে কাজ করছে সংশ্লিষ্টরা। পুরো চক্রকে আইনের আওতায় আনতে জোরদার করা হয়েছে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।