
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল। অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার মো. সোহাগ (২৫) ও মো. গোলাম রব্বানী (৩৮)।
ডিএনসি সূত্র জানায়, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়। শুনানি শেষে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেন। জব্দ করা ইয়াবা ট্যাবলেট ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক নির্মূলে ডিএনসি বগুড়া জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতাও বাড়ানো হচ্ছে।”
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় জনগণকে একযোগে এগিয়ে আসতে হবে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।