
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলায় টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) সাড়ে ৪টার দিকে উপজেলার ভান্ডার পাইকা উত্তরপাড়া এলাকায় নিজ দখলীয় বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককুত নারী ভান্ডারপাইকা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা রায়হানের স্ত্রী মমতাজ বেগম (২৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মির নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় তার বসতবাড়ি থেকে একটি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। আদালতের নির্দেশে উদ্ধারকৃত টাপেন্টাডল ট্যাবলেট ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক নির্মূলে ডিএনসি বগুড়া নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক কারবারি ও মাদকাসক্তদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ অব্যাহত থাকবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়তে ডিএনসি বগুড়া জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।