
নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে ১২০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টায় বগুড়া সদর উপজেলার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে অভিযান পরিচালনা করে ডিএনসি বগুড়া কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল। অভিযানে ১২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পানিতলা এলাকার মো. রুহুল (২২), বগুড়ার গাবতলী উপজেলার কাগইল এলাকার মো. রোকন (৩৬), বগুড়া সদর উপজেলার শিববাটি এলাকার মো. বাছেদ মণ্ডল (৩৮) এবং জয়পুরপাড়া এলাকার মো. সিয়াম (১৯)।
ডিএনসি সূত্র জানায়, বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস, মো. শাহজালাল, ফয়সাল আহমদ ও মো. আজাদ হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। শুনানি শেষে আদালত মো. রুহুলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ টাকা অর্থদণ্ড, মো. রোকনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, মো. বাছেদ মণ্ডলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মো. সিয়ামকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে জব্দ করা গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, “মাদক নিয়ন্ত্রণে ডিএনসি বগুড়া সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সচেতন অংশকে একযোগে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবার সহযোগিতা প্রয়োজন।”
ডিএনসি বগুড়া জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং গোপন সংবাদের ভিত্তিতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।