
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার সিএনজি স্ট্যান্ড উপশহর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সারিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে।
আটক ব্যক্তি হলেন সারিয়াকান্দি উপজেলার বাড়ইপাড়া গ্রামের মৃত তসিরের ছেলে মো. কালাম (২৬)। অভিযানের সময় তার কাছ থেকে একটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত মো. কালামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে ডিএনসির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের মাধ্যমে মাদকাসক্তি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। এ লক্ষ্যে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।