
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিসিতে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চেয়ারে বসাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে কয়েক দফা ধাওয়া পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে রসায়ন বিভাগের অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছেন।
আহতরা হলেন রসায়ন বিভাগের শিক্ষার্থী ফেরদৌস হাসান, সাজিদুর, নোমান ও সামিন। তাঁদের মধ্যে ফেরদৌস হাসান ও সাজিদুরকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, টিএসসিসিতে আয়োজিত একটি অনুষ্ঠানে বসার জায়গা নিয়ে দুই বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও বিরোধের অবসান হয়নি।
এরপর নবাব আবদুল লতিফ হলের পেছনে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে রসায়ন বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে রসায়ন বিভাগের দুই শিক্ষার্থী আহত হন।
পরে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে গিয়ে ভাঙচুর চালান বলে অভিযোগ ওঠে। এ সময় ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলে রসায়ন বিভাগের আরও দুই শিক্ষার্থী আহত হন।
পরে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরাও জাবির ইবনে হাইয়ান একাডেমিক ভবনে রসায়ন বিভাগের কয়েকটি শ্রেণিকক্ষে ভাঙচুর চালান বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, সংঘর্ষে রসায়ন বিভাগের ফেরদৌস হাসানসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে।
এ বিষয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।