1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চুম্বকের কৌশলে বাসে ইয়াবা পাচার, বগুড়ায় ৭৭৫ পিসসহ গ্রেপ্তার ১ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

চুম্বকের কৌশলে বাসে ইয়াবা পাচার, বগুড়ায় ৭৭৫ পিসসহ গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চুম্বকের বিশেষ কৌশলে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারের সময় বগুড়ার শাজাহানপুরে মো. আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ৭৭৫ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন ও বাসের একটি টিকিট উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে শাজাহানপুর থানাধীন নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার আবুল কালাম কক্সবাজার জেলার রামু উপজেলার জোয়ারিয়া নালা এলাকার বক্তার আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের কর্মকর্তারা জানতে পারেন, চুম্বকের বিশেষ কৌশল ব্যবহার করে একটি মাদকের চালান পাচার করা হবে। পরে উপপরিচালক মোহা. জিললুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানকালে ঢাকা থেকে রংপুরগামী অরিন ট্রাভেলসের একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়। বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো ব ১২ ৩৯২০। তল্লাশির সময় বাসের এফ ১ সিটে বসা আবুল কালামের দেহ তল্লাশি করে কালো স্কচটেপে মোড়ানো নীল রঙের জিপারযুক্ত চারটি পলি প্যাকেট পাওয়া যায়।

এর মধ্যে তিনটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৬০০ পিস এবং অপর একটি প্যাকেটে ১৭৫ পিস ইয়াবা পাওয়া যায়। সব মিলিয়ে ৭৭৫ পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৭৭ দশমিক ৫ গ্রাম। এছাড়া একটি চুম্বকের টুকরাও স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়।

এ সময় বাসের এফ ১ সিটের একটি টিকিট, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি রেডমি নোট ১৪ প্রো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সিম্ফনি এল ২৯০ বাটন ফোন উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুম্বকের বিশেষ কৌশলে মাদকের চালান পাচারের বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৭৭৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চালানের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলবে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team