
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ ক্রমেই বাড়ছে। শুক্রবার (২১ আগস্ট) হাসপাতাল সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে ৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসাধীন রোগীদের মধ্যে ২৫ জন পুরুষ, ২০ জন নারী এবং ৭ জন শিশু রয়েছে। শিশুদের মধ্যে ৬ জন ছেলে ও ১ জন মেয়ে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে নতুন করে ৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে হাসপাতালের বহির্বিভাগে ১৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। নতুন ভর্তি রোগীদের মধ্যে ২৩ জন পুরুষ, ১৩ জন নারী এবং ৩ জন শিশু। শিশুদের মধ্যে ১ জন ছেলে ও ২ জন মেয়ে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন। ছাড়পত্র পাওয়া রোগীদের মধ্যে ১৪ জন পুরুষ, ১৮ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। শিশুদের মধ্যে ১ জন ছেলে ও ৩ জন মেয়ে। এছাড়া উন্নত চিকিৎসার জন্য এক নারী রোগীকে রাজশাহীতে রেফার্ড করা হয়েছে।
তবে গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি।
২৫০ শয্যার চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মাহবুব হাসান জানান, বৃষ্টিপাতের কারণে ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের ডেঙ্গু কর্নার প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য উপকরণ মজুত রয়েছে।
তিনি বলেন, চিকিৎসক সংকটের মধ্যেও ডেঙ্গু আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মোট ৪৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতালের বহির্বিভাগেও নিয়মিত ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত বহির্বিভাগে মোট ৩১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।