
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাইরে প্রচন্ড গরম, ঘরে ফিরেই অনেকের প্রথম কাজ হচ্ছে এসির রিমোট হাতে নিয়ে তাপমাত্রা কমিয়ে দেওয়া। বিশেষ করে যখন বাইরে তাপমাত্রা ৪০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়। এই সময়টা এসি যেন দ্রুত বরফশীতল পরিবেশ তৈরি করে সেজন্যই এসির তাপমাত্রা কমিয়ে ১৬-তে করে দেন। কিছুক্ষণের মধ্যেই ঘর ঠান্ডা হয়ে যায়।
কিন্তু কখনো খেয়াল করেছেন, বিশ্বের প্রায় সব এয়ার কন্ডিশনারেই সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামানো যায়। এর নিচে নয় কেন? হয়তো ভেবেছেন, কিন্তু উত্তর খোঁজার সময় হয়নি।
চলুন আজ জেনে নেওয়া যাক কেন এসির সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামানো যায়-
এর পেছনে রয়েছে এক গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত কারণ। নিশ্চয়ই জানেন এসির মূল কাজ হলো ঘরের গরম বাতাস শোষণ করে ঠান্ডা বাতাস সরবরাহ করা। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইভ্যাপোরেটর নামের একটি অংশ। এটি কুল্যান্ট বা রেফ্রিজারেন্টের মাধ্যমে ঠান্ডা হয় এবং সেই ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ছড়িয়ে দেয়।
যদি এসির তাপমাত্রা ১৬ ডিগ্রির নিচে নামানোর সুযোগ রাখা হতো, তাহলে ইভ্যাপোরেটরের ভেতরে অতিরিক্ত ঠান্ডার কারণে বরফ জমতে শুরু করত। ফলে বাতাস ঠিকভাবে চলাচল করতে পারত না। এতে ঘর ঠান্ডা হওয়ার বদলে এসির ভেতরেই ঠান্ডা জমে যেত। একসময় মেশিন বন্ধ হয়ে যেতে পারত কিংবা বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিত।
এই কারণেই নির্মাতা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা ও কার্যক্ষমতার কথা মাথায় রেখে ১৬ ডিগ্রি সেলসিয়াসকে সর্বনিম্ন সীমা হিসেবে নির্ধারণ করে। এটি শুধু একটি সাধারণ সেটিং নয়, বরং এসিকে দীর্ঘদিন ভালো রাখার জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সুরক্ষা ব্যবস্থা।
অন্যদিকে অনেকেই লক্ষ্য করেছেন, বেশিরভাগ এসিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সেট করা যায়। এরও রয়েছে বৈজ্ঞানিক কারণ। সাধারণভাবে ২৪ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে মানুষ স্বস্তিবোধ করে। এর বেশি হলে ঘর গরম লাগতে শুরু করে।
এছাড়া এসির মূল কাজ বাতাস ঠান্ডা করা। তাই তাপমাত্রা ৩০ ডিগ্রির বেশি সেট করা হলে অনেক ক্ষেত্রে সেটি কার্যত ঠান্ডা বাতাস দেওয়া বন্ধ করে দেয়। কিছু মডেলে উষ্ণ বাতাস অনুভূতও হতে পারে। কারণ, সাধারণ এয়ার কন্ডিশনার হিটার হিসেবে কাজ করার জন্য তৈরি করা হয় না।
বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ সাশ্রয় এবং আরামদায়ক কুলিংয়ের জন্য ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস সবচেয়ে উপযুক্ত। এতে যেমন ঘর দ্রুত ঠান্ডা থাকে, তেমনি বিদ্যুৎ বিলও তুলনামূলক কম আসে।
তাই এসির তাপমাত্রা ১৬ ডিগ্রির নিচে না যাওয়াটা কোনো সীমাবদ্ধতা নয়, বরং এটি আপনার এসিকে সুরক্ষিত রাখা এবং কার্যকরভাবে ব্যবহার নিশ্চিত করার জন্যই তৈরি করা হয়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।