
নিজস্ব প্রতিবেদক: অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে দুদকের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়।
অভিযানকালে প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, প্রশিক্ষণার্থীদের ভাতা বিতরণ এবং কেনাকাটাসংক্রান্ত পুরোনো নথিপত্র ও রেকর্ডপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, টিটিসিতে প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান ও বিভিন্ন কেনাকাটায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের ঢাকা কার্যালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা অনুসন্ধান করা হচ্ছে।
অভিযান প্রসঙ্গে দুদকের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকী জানান, সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাইয়ের কাজ শেষ হওয়ার পরই অনিয়মের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।