
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও চোলাইমদসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতার তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি বগুড়া সূত্রে জানা যায়, ডিএনসির বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও দুই লিটার চোলাইমদ জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার চণ্ডিপুর গ্রামের মো. তছলিমের ছেলে মো. মিজানুর (৩৩), একই গ্রামের মৃত অছির মোল্লার ছেলে জাহিদুল ইসলাম বাবু (৪৫) এবং জয়পুরহাট সদর উপজেলার তেঘর ডিসা গ্রামের মো. নূর আমিন ভূট্টোর ছেলে মো. নূর নবী (২৩)।
পরে জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে ভ্রাম্যমাণ আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আদালত গ্রেফতার তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
এ বিষয়ে ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবার প্রতিরোধে নিয়মিতভাবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডিএনসি বগুড়ার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকাসক্তি ও মাদকের অবৈধ বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সমন্বয়ে অভিযান আরও জোরদার করা হবে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।