
নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর বিকল্প নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গৎ আট মাসে দেশে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে সরকার ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তীব্র হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বিদ্যুৎ সংকট মোকাবিলার পাশাপাশি কৃষি অর্থনীতির উন্নয়নও অব্যাহত রাখা সম্ভব হবে।
তিনি আরও বলেন, বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনে সবাইকে এগিয়ে আসতে হবে। ব্যক্তি পর্যায়ে উৎপাদিত সৌরবিদ্যুতের প্রতি ইউনিট ১০ টাকা দরে সরকার কিনবে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, স্থানীয় সংসদ সদস্য এবং রাজশাহী জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। বিকেল ৩টায় একই কর্মসূচিতে অংশ নিতে নাটোরে যাওয়ার কথা রয়েছে বিদ্যুৎমন্ত্রীর।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।