
নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবা, চোলাইমদ ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) নওগাঁর মান্দা থানার প্রসাদপুর, জোতবাজার, দক্ষিণ নুরুল্যাবাদ, দেলুয়াবাড়ীসহ বিভিন্ন এলাকায় ছয়টি অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নওগাঁর ‘ক’ সার্কেলের একটি দল।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মামলায় রেজাউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাবিল নওরোজ বৈশাখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে, নিয়মিত দুটি মামলায় ১৫০ পিস ইয়াবা ও ৩০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় তিনজনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন পলাতক রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার চককান মধ্যপাড়ার মো. তছলিম (২৪) ও দক্ষিণ নুরুল্যাবাদ এলাকার মো. জাহাঙ্গীর আলম (৫৮)। অপর আসামি প্রসাদ বড়পই এলাকার মো. জাহিদুল হক ইমন (২৪) পলাতক রয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আলমগীর হোসেন বলেন, “আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদকের অপব্যবহার ও অবৈধ মাদকদ্রব্যের বিস্তার রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী এ কার্যক্রমের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে প্রসিকিউশন ও এজাহার দাখিলের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নওগাঁর উপপরিদর্শক মো. তাইজুল ইসলাম।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।