
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার ধূরইল ইউনিয়নের মহব্বতপুর গ্রামে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে সোমবার (২৮ সেপ্টেম্বর) এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের পরিচালক নাফেয়ালা নাসরিনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধূরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মোছা. পারভীন বেগম, স্থানীয় সমাজসেবক মো. কাবিল মন্ডল ও নাজমা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার হুমায়রা সুলতানা।
সমাবেশে সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন কর্মসূচি সম্পর্কে উপস্থিতদের অবহিত করা হয়। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য গাড়ি বিষয়ে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়। একই সঙ্গে এসব কর্মসূচির সুফল সম্পর্কেও আলোচনা করা হয়।
এ ছাড়া বাল্যবিবাহ, যৌতুক, মাদক, নারী ও শিশুর প্রতি সহিংসতা, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। ডেঙ্গু ও হামের ভয়াবহতা প্রতিরোধ, গুজব ও অপতথ্য মোকাবিলা এবং সামাজিক অবক্ষয় রোধে করণীয় বিষয়েও আলোচনা করেন বক্তারা।
বক্তারা পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করে একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচিসহ বিভিন্ন জনসচেতনতামূলক বিষয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।