
নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় দুর্ঘটনাকবলিত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি থেকে ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় আরও দুজন পলাতক রয়েছেন।
মঙ্গলবার দুপুরে নাটোর পুলিশ সুপার কার্যালয় চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নলডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বুড়িরভাগ এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নলডাঙ্গা পৌর এলাকার বুড়িরভাগ মহল্লার ময়েন উদ্দিন মন্টুর ছেলে গালিব মোস্তফা (২৫), নমির শেখের ছেলে নজরুল ইসলাম ভোলা (৪০) ও কাচু প্রামাণিকের ছেলে শাহাদৎ হোসেন পিপল (৪৫)। এ ঘটনায় পলাতক রয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী এলাকার পানিকাটা গ্রামের মতিয়ার রহমানের ছেলে আরমান (৩০) এবং অজ্ঞাতনামা সিএনজি চালক।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গত ৯ সেপ্টেম্বর রাত ৭টার দিকে নলডাঙ্গা থানার বুড়িরভাগ জামে মসজিদের সামনে পাকা সড়কের একটি বাঁকে সবুজ রঙের রেজিস্ট্রেশনবিহীন টিডিএস সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর রাত ১০টার দিকে নলডাঙ্গা থানা পুলিশ সিএনজিটি জব্দ করে থানায় নিয়ে রাখে।
পরে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ জানতে পারে, দুর্ঘটনাকবলিত সিএনজিতে থাকা তিনটি সাদা প্লাস্টিকের বস্তায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা ছিল। দুর্ঘটনার সময় গাঁজা বহনকারী আরমান আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। পরবর্তীতে পুলিশের এজাহারে উল্লেখ করা হয়, গাঁজার বস্তাগুলো শাহাদৎ হোসেনের সহায়তায় গালিব মোস্তফা ও নজরুল ইসলামের বাড়িতে ভাগ করে রাখা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ প্রথমে গালিব মোস্তফার বাড়িতে অভিযান চালায়। পরে তার দেখানো মতে বাড়ির নিচতলার বাথরুমের ফলস ছাদের ওপর থেকে দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তা দুটির ভেতরে থাকা পাঁচটি প্যাকেট থেকে ১৯ কেজি ৭৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এরপর নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। তার দেখানো মতে বাড়ির উত্তর দুয়ারির উত্তর পশ্চিম কোণ থেকে একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তায় থাকা তিনটি প্যাকেট থেকে ১৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, দুটি বাড়ি থেকে উদ্ধার করা গাঁজার মোট পরিমাণ ৩৩ কেজি ৩৭০ গ্রাম।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মনোয়ার জাহান বলেন, পুলিশ আলামত জব্দ করে বিধি মোতাবেক সংরক্ষণ করেছে। এ ঘটনায় এসআই (নিঃ) মো. আব্দুল মালেক বাদী হয়ে পাঁচজনকে আসামি করে নলডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ)/২৬/৪১ ধারায় মামলা দায়ের করেছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।