
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সোনাতলায় মাদক সেবনের সরঞ্জামসহ দুই যুবককে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সোনাতলা উপজেলার ফাজিলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন ফাজিলপুর গ্রামের মো. ফজল উদ্দিনের ছেলে মো. শিপন (২৫) ও মো. মজনু মিয়া (৩৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় ফাজিলপুর এলাকা থেকে শিপন ও মজনুকে গাঁজা সেবনের বাঁশি ও ইয়াবা সেবনের পাইপসহ গ্রেফতার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। আদালতের নির্দেশে জব্দ করা আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
ডিএনসি বগুড়ার উপপরিচালক মো. জিললুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের বিস্তার রোধে অভিযান আরও জোরদার করা হবে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।