
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সোনাতলায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. আব্দুল কাশেম শেখ ওরফে ভূট্টের বসতবাড়িতে অভিযান চালিয়ে কোডিন ফসফেটযুক্ত ২১ বোতল এসকাফ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় পলাতক ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে থানার ফাজিলপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, মাদক ব্যবসায়ী আব্দুল কাশেম শেখ ওরফে ভূট্ট তার নিজ দখলীয় বসতবাড়িতে এসকাফের একটি চালান ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছেন। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়িতে তল্লাশি করা হয়। এ সময় একটি প্লাস্টিকের বাজার ব্যাগের ভেতর থেকে কোডিন ফসফেটযুক্ত এসকাফের ২১টি প্লাস্টিকের বোতল উদ্ধার ও জব্দ করা হয়।
উদ্ধার হওয়া প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ২ হাজার ১০০ মিলিলিটার বা ২ দশমিক ১ লিটার এসকাফ ছিল।
অভিযানের সময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে আব্দুল কাশেম শেখ ওরফে ভূট্ট দ্রুত পালিয়ে যান। ফলে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পলাতক আসামি মো. আব্দুল কাশেম শেখ ওরফে ভূট্ট (৪২) সোনাতলা উপজেলার দিকদাইড় ইউনিয়নের ফাজিলপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত সোলেমান আলী শেখ এবং মায়ের নাম মৃত অজেদা বেগম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মাদকের ওই চালানের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সম্পৃক্ততা পাওয়া গেলে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।
এ ঘটনায় সোনাতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।