
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়ায় টিভির ক্লামের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় একাধিক মাদক মামলায় অভিযুক্ত মোঃ মোহন খাঁ (২৪) নামে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা রাত পৌনে আটটার দিকে দুপচাঁচিয়া পৌরসভার জয়পুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহন খাঁ জয়পুরপাড়া এলাকার মোঃ মান্নান খাঁর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরপাড়া এলাকায় মোহনের নিজ দখলীয় তিন কক্ষবিশিষ্ট সেমিপাকা বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় উত্তর দিকের দরজাবিশিষ্ট শয়নকক্ষে তল্লাশি চালিয়ে দেয়ালে আটকানো টিভির পেছনে থাকা ক্লামের ওপর বিশেষভাবে লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করা হয়।
প্যাকেটের ভেতরে নীল রঙের জিপারযুক্ত দুটি পলি প্যাকেটে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২৫০ পিস করে মোট ৫০০ পিস ইয়াবা ছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিভির পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫০০ পিস ইয়াবাসহ মোহন খাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। উদ্ধার করা মাদকের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোহনের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মামলা করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।