
মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় পুকুরের পানিতে ডুবে হুজাইফা নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভালাইন ইউনিয়নের তুড়ুকগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুজাইফা ওই গ্রামের হাসনাত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় হুজাইফা। কিছুক্ষণ পর প্রতিবেশীরা পুকুরের পানিতে শিশুটির নিথর দেহ ভাসতে দেখে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুতে তুড়ুকগ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।