
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে বিশেষ কৌশলে কোমরে গাঁজা বেঁধে পাচারের সময় দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের কাছ থেকে মোট ৩ কেজি গাঁজা ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত আদমদীঘি উপজেলার ইসবপুর এলাকায় তিলকপুর থেকে সান্তাহার হবির মোড়গামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার মংলা বাজার এলাকার পারুল বেগম (৫৬) এবং ঘাসুরিয়া এলাকার রুপালী বেগম (৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানকালে একটি নম্বরবিহীন যাত্রীবাহী সিএনজির পেছনের সিটে বসা অবস্থায় পারুল বেগম ও রুপালী বেগমকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে বিশেষ কৌশলে কোমরের সামনের দিকে পুরোনো কাপড় দিয়ে বাঁধা অবস্থায় গোলাপি পলিথিনে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়। পারুলের কাছ থেকে ১ দশমিক ৫ কেজি এবং রুপালীর কাছ থেকে ১ দশমিক ৫ কেজি গাঁজা পাওয়া যায়। এছাড়া পারুলের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি Discoveri-y বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার করা মাদকের চালানের সঙ্গে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ঘটনা আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।